রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তবে আগামী জাতীয় সংবাদ নির্বাচন প্রসঙ্গে তিনি কোনো কথা বলতে চাননি। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ তুলতেই আইন উপদেষ্টা জানান, নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।
শনিবার সকালে রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে যান উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশিক্ষণ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় আসিফ নজরুল বলেন, ‘টিটিসিতে এত নিষ্ঠার সঙ্গে সবাই কাজ করছে দেখে খুবই ভালো লাগল। এমনি রাজশাহীতে এলেই মনটা ভালো লাগে, এত সুন্দর একটা শহর, এত পরিচ্ছন্ন! আর আপনাদের, মানে রাজশাহীর মানুষদের আমি খুবই পছন্দ করি।’
এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করতেই তিনি বলেন, নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।
পরে তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সারা দেশে শতাধিক টিটিসি আছে। এখানে যারা কাজ করেন, তারা দেশে-বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রাজশাহীতে মেয়েদের যে টিটিসি রয়েছে, সেটি বাংলাদেশের মধ্যে অন্যতম।
