লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১১:৫৪ এএম

লেবাননে পৃথক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময়  তিনজন মারা যান। শনিবার (৮ নভেম্বর) এসব হামলা চালায় দখলদার বাহিনী।

লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)-এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় প্রেস টিভি। 

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে দুজন ছিলেন শেবা শহরের দুই ভাই। তারা দক্ষিণ-পূর্বাঞ্চলে হারমোন পর্বতের ঢালে একটি সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। 

হামলার ফলে তাদের এসইউভি গাড়িতে আগুন ধরে যায় এবং তারা নিহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বারাশিত গ্রামে একটি গাড়িতে আরেকটি হামলায় আরও একজন নিহত ও চারজন আহত হন।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, এসব হামলা লেবাননের হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে চালানো হয়েছে। নিহত ব্যক্তিরা ২০২৪ সালে তেল আবিব ও হিজবুল্লাহর মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির জন্য ‘হুমকি’ সৃষ্টি করছিলেন। 

চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরায়েল এমন অজুহাত দেখিয়ে বারবার লেবাননে নতুন হামলা চালিয়ে আসছে।

এর আগে, এনএনএ জানায় যে দক্ষিণ লেবাননের বিনত জবেইল শহরে একটি যানবাহনে ইসরায়েলি ড্রোন হামলায় সাতজন আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত