ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১১৯৫ জন

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৭:২০ এএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ১৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, ডিএনসিসি হাসপাতালে দুজন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন মারা যায়। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩১৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৯৫ জন ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে ১৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২, ঢাকা বিভাগে ২৭৮, ঢাকা উত্তর সিটিতে ২২০, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫, খুলনা বিভাগে ১১৪, ময়মনসিংহ বিভাগে ৫৯, রাজশাহী বিভাগে ১১৩ ও সিলেট বিভাগে ৯ জন ভর্তি হয়। চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৮ হাজার ৫৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ১ হাজার ১০৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে ৭৪ হাজার ৮৯৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। গতকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে ৩ হাজার ৩৩৭ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত