বগুড়ার গাবতলীতে মুরগি চুরি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তরিকুল ইসলাম ভুট্টো (৫৫) নামে এক বৃদ্ধ কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কিত্তনীয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় অপর পক্ষের স্বাধীন (১৮) নামের এক যুবকও গুরুতর আহত হয়েছে।
জানা যায়, গত মে মাসে দুর্গাহাটার কিত্তনীয়া গ্রামে নিহত ভুট্টোর মামাতো ভাই জহুরুল ও খায়রুলের খামার থেকে ৪০/৪২টি মুরগি চুরি করে আহত স্বাধীন ও তার সহযোগীরা। গতকাল বিকেলে প্রথমে খায়রুল ও তার সহযোগীরা স্বাধীনকে কুপিয়ে আহত করে। পরে সন্ধ্যায় দুর্গাহাটার রামচন্দ্রপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফেরার পথে কিত্তনীয়া বাজারে স্বাধীনের অনুসারীরা ভুট্টোকে একা পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
স্বজনেরা দ্রুত তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
