প্রাথমিক শিক্ষক

১১তম গ্রেডের আশ্বাসে স্থগিত আন্দোলন

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৭:১২ এএম

বেতন কাঠামো উন্নয়ন ও পদোন্নতি সুবিধা নিশ্চিতের আশ্বাসে অবশেষে আন্দোলন স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পর গতকাল সোমবার সন্ধ্যায় শিক্ষক নেতারা সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

সচিবালয়ে অনুষ্ঠিত এক যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি বলেন, ‘আমাদের মূল দাবি ছিল দশম গ্রেড। তবে অর্থ মন্ত্রণালয় ১১তম গ্রেড বাস্তবায়নের লিখিত আশ্বাস দিয়েছে। তাদের প্রতি আস্থা রেখে আমরা আন্দোলন স্থগিত করছি এবং আগামীকাল (আজ) মঙ্গলবার থেকে শ্রেণিকক্ষে ফিরব।’

এর আগে বিকেল সাড়ে ৫টায় রাজধানীর অর্থ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং দুই শিক্ষক সংগঠনের নেতারা, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ।

বৈঠকে অর্থ সচিব জানান, সহকারী শিক্ষকদের বর্তমান ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব ইতিমধ্যে জাতীয় বেতন কমিশন ২০২৫-এর কাছে পাঠানো হয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এ ছাড়া ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির বিষয়েও আলোচনা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী এসব প্রস্তাব পর্যালোচনার আশ্বাস দেয় অর্থ বিভাগ। দীর্ঘ আলোচনার পরও নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না এলেও বৈঠক শেষে শিক্ষক নেতারা আশাবাদ ব্যক্ত করেন সরকার এবার কথার বাস্তব রূপ দেবে।

গত এক সপ্তাহ ধরে বেতন উন্নীতকরণ, উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতির তিন দফা দাবিতে সারা দেশে পাঠদান বন্ধ রেখেছিলেন সহকারী শিক্ষকরা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিদিনই চলেছে তাদের অবস্থান কর্মসূচি। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দেশ জুড়ে হাজারো শিক্ষক এক কণ্ঠে উচ্চারণ করেছিলেন ‘শুধু আশ্বাস নয়, চাই কার্যকর সিদ্ধান্ত।’

অবশেষে অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে আন্দোলনের পরিসমাপ্তি ঘটলেও মাঠের শিক্ষক সমাজ এখনো পুরোপুরি নিশ্চিন্ত নন। একাধিক সংগঠনের নেতারা বলেছেন, ‘যদি আশ্বাস কাগজে-কলমেই থেকে যায়, তবে আবারও রাস্তায় নামতে বাধ্য হব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত