দক্ষিণ আফ্রিকায় সড়কে প্রাণ গেল বাংলাদেশিসহ ১১ জনের 

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১১:৫৪ এএম

দক্ষিণ আফ্রিকার ফ্রি-স্টেট প্রদেশের ব্লুমফন্টেইন এবং কোয়াজুলু-নাটালের স্কটসবার্গের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছেন।

রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফ্রি-স্টেট প্রদেশের ব্লুমফন্টেইন অঞ্চলের জাস্ট্রন এলাকায় সড়ক দুর্ঘটনায় জিকু নামে এক বাংলাদেশিসহ ৩ জন নিহত হন।

স্থানীয় সূত্র জানায়, জিকু এস্টেকস্পিট থেকে কুম্বি গাড়িতে করে পারমিট এক্সটেনশন করতে জোহানেজবার্গ যাচ্ছিলেন। পথে জাস্ট্রন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ঘটনাস্থলে জিকু, গাড়িচালক নারী যাত্রীসহ ৩ জন নিহত হন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন।

নিহত জিকু মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে ব্লুমফন্টেইনের এস্টেকস্পিট এলাকায় বসবাস করে আসছিলেন।

এদিকে দেশটির কোয়াজুলু-নাটাল দক্ষিণ উপকূলে স্কটসবার্গের কাছে এন-২ রোডে একটি ট্রাক ও ভ্যানের (সেডান) সংঘর্ষে পাঁচ শিশুসহ ৮ জন নিহত হন। রবিবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

স্কটসবার্গের এন-২ রোডে একটি ভ্যান ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়, এতে ভ্যানে থাকা ১০ জন যাত্রীদের মধ্যে ৮ জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচ শিশু এবং তিন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন। এ সময় গুরুতর আহত হন ২ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ এবং রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশন এই দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত