আগামী ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি মোকাবেলায় বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেনি, তবে সংগঠন দুটি তাদের সদস্যদের নিয়ে রাজধানীতে অবস্থান নেওয়ার পরিকল্পনা করছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, এক দেড় বছরের মধ্যে রাজপথে আওয়ামী লীগ কোনো সক্রিয় অবস্থান দেখাতে পারেনি। ছাত্রজনতা যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিল তারাই আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমকে পরাস্ত করেছে।
তিনি আরও যোগ করেন, যতবারই আওয়ামী লীগ বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো রাজপথে শক্তি দিয়ে তাদের পরাস্ত করেছে। যদি আগামীতেও চেষ্টা করে তাহলে একইভাবে করবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, এদেরকে প্রতিহত করার জন্য শুধু ছাত্রদল নয় বরং ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি মাঠে থাকবে। ১৩ তারিখের যে আওয়াজ দিচ্ছে এগুলার কোনো বাস্তবায়ন বাংলাদেশে হবে না।
ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ যেন বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য আমরা মাঠে থাকব, সেদিন কর্মসূচী রাখার চিন্তা রয়েছে আমাদের। তবে আমরা মাঠপর্যায়ের প্রশাসনকে বলার চেষ্টা করেছি, এগুলা তো মূলত আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি মোকাবেলায় সরকারি পদক্ষেপের পাশাপাশি বিরোধী দলগুলোর সক্রিয় ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীও সম্ভাব্য অস্থিতিশীলতা রোধে প্রস্তুতি নিচ্ছে।
