ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড ও পুখুরিয়া এলাকায় লকডাউন কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোর থেকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী পাম্পের পাশে ও পুখুরিয়া এলাকায় মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় আন্দোলনকারীদের হাতে দেশীয় নানা ধরনের অস্ত্র দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই কয়েকজন নেতাকর্মী লকডাউনের সমর্থনে মহাসড়কে অবস্থান নেন। পরে আরও অনেক লোকজন যোগ দিলে পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে যায়। এতে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ঢাকামুখী কয়েকটি খালি অ্যাম্বুলেন্স ফেরত পাঠানো হয়। তবে যেসব অ্যাম্বুলেন্সে রোগী ছিল, সেগুলো যেতে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাস স্ট্যান্ড ও পুখুরিয়া এলাকায় লকডাউন কেন্দ্র করে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। সকাল ১০টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।
×
