ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পাটি’র (এনসিপি) মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান দলটির বিভিন্ন পর্যায়ের নেতা। ইতিমধ্যে ১৩টি আসনে ২৮ জন মনোনয়নপ্রত্যাশী নির্ধারিত ফি দিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনটি আসনে গতকাল বিকেল পর্যন্ত কেউ ফরম সংগ্রহ করেনি।
এনসিপির দায়িত্বশীল সূত্র জানায়, গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ শুরু হয় এবং গতকাল বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তা চলমান রয়েছে। চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৩টি আসন থেকে ২৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে কয়েকটি আসনে একজন মনোনয়নপ্রত্যাশী থাকলেও অধিকাংশ আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী ফরম নিয়েছেন।
চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে এনসিপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে এনসিপি চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সমন্বয়কারী আকরামুল হক ও চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ফরহাদ সবুজ, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে জাতীয় ছাত্রশক্তির দক্ষিণ অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মহির আলম ও জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ইদ্রিস হোসাইন, চট্টগ্রাম-৪ (সীতাকু-) আসনে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক তানজিদ রহমান, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী জসিম উদ্দিন ওপেল, সদস্য সাহেদ ইকবাল চৌধুরী, আহমেদ আসিফ ও ওয়াজিবুল ইসলাম ওয়াসিফ, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী লায়ন জাহেদুল করিম বাপ্পি ও জাতীয় শ্রমিক শক্তির চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন জিলানী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে এনসিপির চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন ও মীর শোয়াইব এবং মহানগর এনসিপির সদস্য সাদিয়া আফরিন, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, মহানগর এনসিপির সদস্য আজগর আলী আশিক ও জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক ইরফাত ইব্রাহিম, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে জাতীয় শ্রমিক শক্তির ফারুক হোসেন, এনসিপি দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী সাজ্জাদ হোসেন ও মহানগর এনসিপির সদস্য রিদুয়ান হৃদয়, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ হাসান আলী, চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ, তৌহিদুল ইসলাম মাসুম ও লোহাগাড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জহির উদ্দিন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। চট্টগ্রাম-১ (মিরসরাই), ৭ (রাঙ্গুনিয়া) ও ১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেনি।
এনসিপির চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ দেশ রূপান্তরকে বলেন, চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের বেশির ভাগই জুলাই আন্দোলনের রাজপথের যোদ্ধা। এ ছাড়া ব্যবসায়ী ও বিভিন্ন পেশার লোকজনও ফরম নিয়েছেন। প্রাথমিকভাবে ১৩ নভেম্বর পর্যন্ত ফরম বিতরণের তারিখ নির্ধারিত থাকলেও তা বাড়ানো হতে পারে বলে জানান তিনি।
এদিকে, মনোনয়ন চূড়ান্ত না হলেও চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে মনোনয়নপ্রত্যাশী এনসিপির বেশ কয়েক নেতা নিয়মিত নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। চট্টগ্রাম-১৩ আসনের দলের মনোনয়নপ্রত্যশী জোবাইরুল আলম মানিক দেশ রূপান্তরকে বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও ২০২৪ এর জুলাই আন্দোলনে আমি রাজপথে লড়াই করেছি। এখন দেশকে নতুনভাবে গড়তে এক ধরনের দায়বদ্ধতা আমাদের ওপর রয়েছে। তাছাড়া আমার জন্মস্থান চট্টগ্রাম-১৩ আসনের বিভিন্ন এলাকা ও জনগণ দীর্ঘদিন ধরে নানাভাবে অবহেলিত। তাই এলাকার জনগণের প্রতিও দায়বোধ রয়েছে। সেই জায়গা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় মনোনয়ন ফরম নিয়েছি। জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আমার নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি।
