শেকৃবিতে নদী-উপকূলের পানিতে মাইক্রো-দূষক শনাক্তকরণে সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘বাংলাদেশের নদী ও উপকূলীয় অঞ্চলের পানিতে মাইক্রো-দূষক (কীটনাশক,ওষুধ) শনাক্তকরণ ও বিশ্লেষণ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাংলাদেশের নদী ও উপকূলীয় অঞ্চলের পানি, ঢাকা ওয়াশার বিভিন্ন ডিস্ট্রিবিউশন বুথ ও দেশের নানা নদ-নদীর মাছ নমুনা হিসেবে নিয়ে গবেষণা ফলাফল তুলে ধরা হয়৷

গবেষকরা জানান, তাদের এই রিসার্চ কার্যক্রম দেশ ও দেশের বাহিরের বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সহযোগিতায় সম্পাদিত হয়েছে। তাদের সংগ্রহ করা নমুনায় কীটনাশক, ওষুধের অবশিষ্টাংশ ও প্লাটিকসহ বিভিন্ন মাইক্রো–দূষক শনাক্ত হয়েছে। নমুনায় মাছের মধ্যে তারা সংগ্রহ করেন মাগুর মাছ ও হাওর-নদীর বিভিন্ন স্তরের পানি।

গবেষণার সক্ষমতার কথা উল্লেখ করে তারা জানান, এ বিশ্লেষণে ব্যবহৃত উন্নত প্রযুক্তির শনাক্ত ক্ষমতা ছিল ০.০১ ন্যানোগ্রাম/লিটার। যা দিয়ে ৫০০টিরও বেশি রাসায়নিক যৌগ নির্ণয় করা সম্ভব হয়। শীত-বর্ষা মিলিয়ে একাধিক মৌসুমে দীর্ঘ সময় ধরে নমুনা সংগ্রহ করে এ গবেষণা চালানো হয়। দূষকের প্রকৃতি ও পরিমাণ আন্তর্জাতিক গবেষণার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে জানান তারা৷

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইয়ারকার ফিক।  এছাড়া এতে কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. আরিফুল ইসলাম, ড. তাজুল ইসলাম, ড. সিরাজুল ইসলাম ও ড. আব্দুল কাইউম, বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. মো. বেলাল হোসেনসহ সরকারি নীতিনির্ধারক, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, উদ্ভাবক, দাতা সংস্থা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত