সিলেটের শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে রাখা একটি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে এই আগুন লাগানোর ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে আসা ৫ তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে। পরে তারা সেখানে থাকা অ্যাম্বুলেন্সে আগুন লাগায়। এতে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
সিলেট ফায়ার সার্ভিসের ফায়ার লিডার ফজল মিয়া জানান, রাত ৩টা ৫০ মিনিটে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেওয়ার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, শামসুদ্দিন হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি সচল ছিল। এটি একেবারে পুড়ে গেছে। অন্যদিকে কুমরাগাঁও বাসস্ট্যান্ডে পুড়ে যাওয়া বাসটি পরিত্যক্ত ছিল।
শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান চৌধুরী জানান, অ্যাম্বুলেন্স পুড়ানোর ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আশিকুরের সেঞ্চুরি আনিসুল পারলেন না আশরাফুলের ৫ শিকার
শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ-মশাল মিছিল