চট্টগ্রামের রাউজানে পুকুর সেচে ফের অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, চারটি এলজি, একটি রাইফেল ও ১১টি গুলি।
সোমবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ানপাড়া শাহ আলম নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তারের পর তার তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি পুকুর সেচে উক্ত অস্ত্রগুলো উদ্ধার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র রাসেল সুত্রে এ তথ্য জানা গেছে।
গ্রেপ্তার শাহ আলম পলোয়ানপাড়া এলাকার বাসিন্দা। তিনি হত্যা, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একাধিক মামলার আসামি। পুলিশের দাবি, শাহ আলম স্থানীয় এক বিএনপি নেতার অনুসারী পরিচয়ে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
পুলিশ জানায়, সোমবার সকালে চারটি এলজি, তিনটি গুলি, একটি গুলির খোসাসহ নিজ ঘর থেকে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে বাড়ির পুকুর সেচে একটি বিদেশি রাইফেল, একটি বিদেশি পিস্তল ও ৮টি গুলি উদ্ধার হয়।
গত বছরের ৫ আগস্টের পর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনকে নোয়াপাড়া ইউপি কার্যালয় থেকে তুলে নিয়ে গুলি করা এবং মদুনাঘাটে বিএনপিকর্মী আবদুল হাকিমকে হত্যার অভিযোগে করা মামলার আসামি তিনি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শাহ আলম একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৭-৮টি মামলা রয়েছে। এর বাইরেও দুটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি তিনি। অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হবে।’
এর আগে ৭ নভেম্বর একই ইউনিয়নের চৌধুরীহাট বাজারসংলগ্ন আইয়ুব আলী সওদাগরের বাড়ির পেছনের পুকুর সেচে পুকুর একটি চায়নিজ রাইফেল, একটি শটগান ও সাতটি গুলি উদ্ধার করেছে পুলিশ।
