মানিকগঞ্জে বাসে অগ্নিসংযোগে দগ্ধ চালকের মৃত্যু

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১২:১২ এএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় থেমে থাকা বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হওয়া স্কুলবাসের চালক পারভেজ খান তাজেস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। নিহত পারভেজ মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা।

এদিকে ওই বাসে অগ্নিসংযোগের ঘটনায় শিবালয়ের আরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোস্তাকিম রহমান খান অনিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল ভোরে রাজধানীর আদাবর এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার আটক করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো।

গত ১৩ নভেম্বর রাত দেড়টার দিকে শিবালয়ের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে থেমে থাকা দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক পারভেজ দ্রুত বের হতে না পেরে গুরুতর দগ্ধ হন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হঠাৎ করেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে চালক গুরুতর দগ্ধ হন।

পরে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল সকালে তিনি মারা যান।

শিবালয় থানার ওসি আমান উল্লাহ বলেন, বাসে অগ্নিসংযোগের কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় বাসমালিকের করা মামলায় পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা বের করতে পুলিশ কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত