কুমিল্লায় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম

কুমিল্লা জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মু. রেজা হাসান। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম সঞ্চালনা এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক রেজা হাসান বলেন, শিক্ষা, দীক্ষা ও প্রবাসী আয়ে কুমিল্লা অনেক এগিয়ে। এই জেলার মানুষের কল্যাণে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে আয়োজন করা যায়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। গণমাধ্যমকে সব তথ্য দিয়ে সহায়তা করব। 

তিনি আরও বলেন, আগের ডিসির কাজগুলো এগিয়ে নিতে চাই। টাউন হল, বিয়াম স্কুল ও ডিসি পার্কের উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। রাজশাহীর মতো কুমিল্লাও চাইলে শহর সম্প্রসারণে বড় পরিসরে ভূমি অধিগ্রহণ করতে পারে তা হলে নাগরিক সুবিধা আরও বাড়ানো সম্ভব।

শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে রেজা হাসান বলেন, আমাকে সময় দিতে হবে। আপনাদের সহযোগিতা চাই। কোথাও যেন ভুল বোঝাবুঝি না হয়। 

অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লার জ্যেষ্ঠ সাংবাদিক আবুল হাসনাত বাবুল, মীর শাহ আলম, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান এবং আমার শহর সম্পাদনা বিভাগের গাজীউল হক সোহাগ। সভায় জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত