মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুলিশের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে মিছিল করার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৩১৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল বুধবার সকালে সিরাজদীখান থানায় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের ক্ষতিসাধন ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের অভিযোগ এনে এসআই নাহিদ মাসুম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়ন যুবলীগের সদস্য মো. মন্টু ভূঁইয়াকে প্রধান আসামি করে ৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।
এদিকে, মিছিল করার ঘটনায় পুলিশ গত মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল দেওয়ান, কর্মী সোহেল শেখ ও বাসাইল ইউনিয়ন যুবলীগ সদস্য মন্টু ভূঁইয়াকে গ্রেপ্তার করে। পরে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে আরও ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। সিরাজদীখান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, গত মঙ্গলবার সকাল ৯টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
