রঙচটা ক্যাপ 'মৃত্যু পর্যন্ত' কাছে রাখবেন মুশফিক

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

ব্যাগি গ্রিন ক্যাপ — টেস্টে অভিষেকের পর ক্রিকেটারদের পাওয়া এই বিশেষ ক্যাপ বেশ গুরুত্বপূর্ণ ও অর্থবহ। অনেকের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় এই ক্যাপ। রঙচটা, সেলাই উঠে গেলেও তারা তা আগলে রাখেন ক্যারিয়ারের শেষ পর্যন্ত।

ব্যাগি গ্রিন ক্যাপ নিয়ে অনেক গল্প–ঘটনাই ঘটেছে। হারিয়ে বা নিখোঁজ হওয়ার পর আকুতি জানাতে দেখা গেছে অনেককেই। ডেভিড ওয়ার্নার তাঁর অভিষেক ক্যাপ হারিয়ে তো রীতিমতো যুদ্ধ বাধিয়ে দিয়েছিলেন। আইনি পদক্ষেপ কিংবা মামলা করার ঘোষণাও দিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার।

অনেক ক্রিকেটারই ব্যাগি গ্রিন ক্যাপ মাথায় দিয়ে ক্যারিয়ারের ইতি টানেন। এই ক্যাপ সাক্ষী থাকে অনেক ঘটন–অঘটনের। তাতেই প্রিয় হয়ে ওঠে এই ক্যাপ। বাংলাদেশ মুশফিকুর রহিম যেমন টেস্ট ক্যারিয়ারের আদ্যপ্রান্তে আগলে রেখেছেন তাঁর বিশেষ ব্যাগি গ্রিন ক্যাপ।

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। তৎকালীন অধিনায়ক হাবিবুল বাশারের হাত থেকে অভিষেক ক্যাপ বুঝে নিয়েছিলেন তিনি। সেই ক্যাপ মাথায় দিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন নিজের শততম টেস্ট। এই ক্যাপ পরেই দেখা পেয়েছেন ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরির।

দিন শেষে সংবাদ সম্মেলনে হাজির হন তিনি। সেখানেই প্রশ্ন ওঠে তাঁর ব্যাগি গ্রিন ক্যাপ নিয়ে। মুশফিক বলেন, 
“আমি মনে করি, তিনটা ফরম্যাটের মধ্যে সবচেয়ে আলটিমেট ফরম্যাট টেস্ট। টেস্টের সবচেয়ে বড় জিনিস—ব্যাগি গ্রিন ক্যাপ। এটার মর্যাদা যদি একজন প্লেয়ার না বোঝে, সেটা আসলে তাকে বলে বোঝানো যায় না। আপনি যদি খেয়াল করে দেখেন, আমি এমন কোনো টেস্ট ম্যাচ খেলিনি যেখানে ক্যাপ পরে ফিল্ডিং বা কিপিং করিনি। সেদিক থেকে বলব, হ্যাঁ, বলা যায় যে এই ক্যাপটা শুধু ফিল্ডিং করতে করতে অবস্থাটা খারাপ হয়ে গেছে। কারণ ক্যাপ পরে খুব কমই আমি ব্যাটিং করি — হেলমেট পরে প্রায় পুরো সময়ই ব্যাটিং করতে হয়। এটা আমার কাছে এক ধরনের প্রতীক। আমি মনে করি, এটা অনেক বড় পাওয়া। মৃত্যু পর্যন্ত এটা নিজের কাছে রাখব আমি।”

কতোদিন খেলবেন মুশফিক

'যতদিন পর্যন্ত টিম ম্যানেজমেন্ট আমাকে চায়, দল চায় বা আমি যেটা অনুভব করি নিজের ভেতর থেকে যদি চাই হ্যাঁ, দলে আমার দরকার আছে ততদিন পর্যন্ত আমার খেলার ইচ্ছে আছে', বলেছেন মুশফিক। 
তারপর বলেছেন, '(আয়ারল্যান্ড সিরিজ) এরপরে মনে হয় চার মাসের বিরতি আছে। তারপর পাকিস্তানের সাথে টেস্ট আছে। যদি থাকি ইনশাআল্লাহ তারপরে খেলার ইচ্ছে আছে। এর বাইরে আর কোনো চিন্তা নাই।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত