বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগামীকাল শনিবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্র সচিব জানান, সফরের প্রথম দিনই প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত ও প্রতিনিধি পর্যায়ে বৈঠকে বসবেন। বৈঠকে কৃষি খাতে অন্তত তিনটি সমঝোতা স্মারক (গঙট) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ভুটানের প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরের দ্বিতীয় দিন (২৩ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। একই দিন ঢাকার শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তোবগে। আলোচনার মূল বিষয় হবে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়া সহযোগিতা।
এ সময় বাংলাদেশের পক্ষ থেকে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ত্রিদেশীয় উদ্যোগ এবং ভুটান ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য ট্রাভেল ট্যাক্স কমানোর অনুরোধ তোলা হবে বলে জানান পররাষ্ট্র সচিব।
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ২২-২৪ নভেম্বর বাংলাদেশ সফর করবেন শেরিং তোবগে। সফর শেষে ২৪ নভেম্বর (সোমবার) তিনি ঢাকা ত্যাগ করবেন। সফরকালে ভুটানের প্রধানমন্ত্রীকে সরকার ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি)’ ঘোষণা করেছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা।
