ময়মনসিংহ

বিএনপি নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১২:৪৮ এএম

ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে বিএনপি নেতা সুলতান মাহমুদ শেখ সাদীকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দাপুনিয়া বাজার এলাকায় ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়ক অবরোধ করে তারা বিক্ষোভে অংশ নেন। ফলে ওই গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

গ্রেপ্তার হওয়া সুলতান মাহমুদ দাপুনিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

বিক্ষোভকারীরা বলেন, অযৌক্তিকভাবে সাদীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দ্রুত নিঃশর্ত মুক্তি না দিলে আন্দোলন আরও জোরদার হবে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, জুয়া ও মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে সুলতান মাহমুদকে আটক করা হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে সড়কে চলাচল স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত