গুলি করে দেয়াল ভেঙে ব্যবসায়ীকে অপহরণ

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৭:২৯ এএম

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র একটি রোহিঙ্গা দল স্থানীয় এক বাসিন্দার বাড়িতে গুলি করে দেয়াল ভেঙে ঘরে ঢুকে লুটপাট ও বাড়ির মালিককে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা গ্রামে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। অপহৃত নুরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী।

নুরুল ইসলামের ছেলে কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে হঠাৎ ৩০ জনের একটি রোহিঙ্গা দল আমাদের ঘরে ঢুকে পড়ে। তাদের হাতে আধুনিক ভারী অস্ত্র ছিল। আব্বু অনিরাপদ মনে করে একটি কক্ষে লুকিয়ে ছিলেন। হামলাকারীরা গুলি করে দেয়াল গুঁড়িয়ে তাকে ধরে নিয়ে যায়। এ সময় তারা তাকে নির্মমভাবে মারধরও করেছে।

তিনি বলেন, তারা বাড়ির অন্য সদস্যদের ওপরও হামলা করে। ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। হামলার সময় গুলির শব্দ আর তাদের কাছে থাকা অস্ত্র দেখে স্থানীয়রা কেউ এগিয়ে আসতে সাহস করেনি।

স্থানীয়রা জানায়, হামলার পর থেকে পুরো লেদা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গত কয়েক বছরে রোহিঙ্গা গ্রুপগুলোর বেপরোয়া দাপটে সীমান্তঞ্চল ক্রমেই অরক্ষিত হয়ে পড়ছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুরের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত