সালাহউদ্দিন আহমদ

হাসিনার বিচার আন্তর্জাতিক মানের হয়েছে, রায় বাস্তবায়ন হবে

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৩:১১ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে শেখ হাসিনার বিচার হয়েছে এবং রায় বাস্তবায়ন করা হবে। 

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের এক সমাবেশে তিনি এই বক্তব্য দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারাই ফ্যাসিবাদী হবে, তাদেরই এমন অবস্থা হবে। আওয়ামী লীগ কখনও রাজনৈতিক দল ছিল না। এটা একটা মাফিয়া সংগঠন ছিল। সংসদে দাঁড়িয়ে তারা সংবিধান লঙ্ঘনের উৎসব করেছে।

তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ মারা গেলেও তার দাফন হয়েছে ভারতে। তাদের রাজনীতির কবর দিতে হবে। গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবার ফিরতে পারে।

তিনি গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার ওপর জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক চর্চায় অন্য কোনো দলের কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না। এমন রাজনৈতিক চর্চা করতে হবে যাতে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়।

বিএনপি নেতা আরও বলেন, ছাত্র গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনে হয়নি। যারা ২৪ এর চেতনা নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাচ্ছে, তাদের আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে।

যারা ৪৭ ও ৭১ এর আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা জনগনের আকাঙ্ক্ষা কীভাবে বাস্তবায়ন করবে সে ব্যাপারেও প্রশ্ন রাখেন সালাহউদ্দিন আহমদ। এসময় জামায়াতকে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান নিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান।

সমাবেশে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের উত্তরসূরি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত