কুমিল্লা-৯ ও কুমিল্লা-১০ আসনে জামায়াতের মোটরসাইকেল র‍্যালি

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম

কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) ও কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে আলাদা দুটি বড় মোটরসাইকেল র‍্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব র‍্যালিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন বলে দলটির দাবি।

সকাল ৯টার দিকে লাকসাম স্টেডিয়াম এলাকা থেকে কুমিল্লা-৯ আসনের র‍্যালি বের হয়। নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ওই আসনে জামায়াত-মনোনীত প্রার্থী অধ্যাপক ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

র‍্যালি শুরুর আগে সমাবেশে ড. ছিদ্দিকী বলেন, ন্যায়–ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লায় ভোট দিন। দেশের মানুষ আজ দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার তুলেছে।

সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌর জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী। বক্তব্য দেন সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজনসহ স্থানীয় নেতারা।

র‍্যালিটি লাকসাম স্টেডিয়াম থেকে দৌলতগঞ্জ বাজার ঘুরে আজগরা, লাকসাম দক্ষিণ বাইপাস, বাটিয়াভিটা, কালিয়াচৌ, চন্দনা, মনোহরগঞ্জের নাথেরপেটুয়া, লক্ষণপুরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বেলা আড়াইটায় স্টেডিয়ামে ফিরে শেষ হয়।

অন্যদিকে একই সময়ে কুমিল্লা-১০ আসনে নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আরেকটি বড় মোটরসাইকেল র‍্যালি বের হয়। নেতৃত্ব দেন জামায়াত-মনোনীত প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত। র‍্যালিটি নাঙ্গলকোট উপজেলা সদর পেরিয়ে লালমাই উপজেলায় গিয়ে শেষ হয়।

স্থানীয় পর্যবেক্ষকদের ভাষ্য, দুটি আসনেই নির্বাচনী মাঠে জামায়াতের কর্মীরা গত কয়েক দিনে উল্লেখযোগ্যভাবে সক্রিয় হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত