বগুড়ার শেরপুরে ধানক্ষেত থেকে নুরুল ইসলাম তালুকদার (৬৮) নামের এক কৃষকের চোখ উপড়ানো ও কান কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে স্থানীয় কৃষকরা তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
জানা যায়, নুরুল ইসলামের বাড়ি ধুনট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। এ ঘটনায় তার ছেলে ইমদাদুল হক শুক্রবার ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. নুরুল ইসলাম জানান, নিহতের বাড়ি ধুনটের নিশ্চিন্তপুর গ্রামে। লাশের ডান চোখ উপড়ানো এবং ডান কান কাটা ছিল।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন দেশ রূপান্তরকে বলেন, আঘাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
