পরীক্ষা পেছানোর দাবিতে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১২:১১ এএম

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। গতকাল শনিবার বিকেল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্টেশনবাজার রেললাইন অবরোধ করেন তারা। বিকেল সাড়ে ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের আন্দোলন চলমান রয়েছে। এ সময় শিক্ষার্থীরা ‘সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস?’, ‘বৈষম্যবিরোধী বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নেই’, ‘৪৭ মারা রোডম্যাপ, বাতিল চাই করতে হবে’, ‘সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই’সহ বিভিন্ন সেøাগান দেন। অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা আকতার বলেন, ‘আমাদের প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে, যা একদম অযৌক্তিক। আমরা এ সময় পিছিয়ে একটা যৌক্তিক সময়ে লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।’

শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম বলেন, ‘১১০০ মার্কের লিখিত পরীক্ষার জন্য মাত্র দুই মাস কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও পিএসসি তাদের একরোখা মনোভাব-ই পোষণ করে রেখেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত