রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, শেখ হাসিনার রায় ঘিরে মাদ্রাসার ভেতরে একটি মিলাদ মাহফিলের অনুষ্ঠান নিয়ে গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে মাদ্রাসায় আল্লামা কাশগরী হলে এ সংঘর্ষ শুরু হয়। গতকাল রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল আলিয়া মাদ্রাসার সামনে শিক্ষার্থী, পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান দেখা গেছে। শিক্ষার্থীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করছিলেন।
মাদ্রাসার শিক্ষার্থীদের কয়েকজন বলছেন, কিছু শিক্ষার্থী বিগত সময়ে অন্য দল করলেও ‘জুলাই আন্দোলনের ট্যাগ’ দিয়ে বর্তমানে মাদ্রাসার ভেতরে ঝামেলা সৃষ্টি করছে। আজ মিলাদ মাহফিলে মাদ্রাসায়ও ঝামেলা তৈরি করেছে। সেই মাহফিলে শিক্ষার্থীদের দুই পক্ষের বাগবিত-া হয়। একপর্যায়ে এক শিক্ষার্থীর গায়ে হাত তুললে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, আলিয়া মাদ্রাসার সংঘর্ষের ঘটনায় ৭ শিক্ষার্থী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)।
রাত ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, হলের শিক্ষার্থীদের একটি অংশ বাইরে অবস্থান করছে। শতাধিক শিক্ষার্থী রাস্তায় ঘোরাঘুরি করছেন। পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আছেন। শিক্ষার্থীদের একটি অংশ মাদ্রাসার ভেতরেও অবস্থান নিয়ে আছে।
এদিকে একটি সূত্র বলছে, মাদ্রাসার সামনের দোকাপাট থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে জটিলতার রেশ ধরেই এ সংঘর্ষ শুরু হয়। সূত্রটি জানায়, মাদ্রাসার জমিতে প্রায় ২০টির মতো দোকান
থাকলেও দোকান ভাড়া বাইরের দলীয় লোকেরা সংগ্রহ করেন। এ বিষয়ে দোকানের পক্ষ থেকে বলা হয় তারা ভাড়া দিয়ে রয়েছে। সিটি করপোরেশন ১৫০০ টাকা নিলেও প্রতিটি দোকানের ভাড়া দিতে হয় ১৫-১৬ হাজার টাকা।
ঘটনা সম্পর্কে কোনো বক্তব্য দিতে রাজি হননি মাদ্রাসার সামনে দায়িত্বরত সেনা কর্মকর্তারা। তবে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, মিলাদ মাহফিল চলাকালে কোনো একটি বিষয় নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
তিতুমীর কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ : রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানো কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে ঘটনা ঘটে। এ সময় ওই কলেজের সাংবাদিক সমিতির সদস্যরা ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
আহত একাধিক শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজা ও যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লার নেতৃত্বে সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্যদের ওপর এ হামলার ঘটনা ঘটে। তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি তাওসিফ মাইমুনসহ অনেকেই হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
