ভূমিকম্পের ভুয়া ভিডিও-ছবির বন্যা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৭:০৩ এএম

শুক্রবার রাজধানী ঢাকাসহ প্রায় সারা দেশে ভূমিকম্প অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে ভুয়া ছবি ও ভিডিও। এর বেশিরভাগই এআই দিয়ে নির্মিত বা অন্য দেশের পুরনো ফুটেজ। ফ্যাক্ট-চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ ও রিউমর স্ক্যানার বিভ্রান্তি সৃষ্টিকারী এমন বেশ কয়েকটি ছবি ও ভিডিও শনাক্ত করেছে।

সংস্থা দুটির মতে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই এ ধরনের ভুয়া ছবি-ভিডিও অনলাইনে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন নামসর্বস্ব গ্রুপ, পেজ ও ব্যক্তি।

ফ্যাক্টওয়াচ ও রিউমর স্ক্যানারের অনুসন্ধানে উঠে আসে ‘ঢাকায় একটি ৮তলা ভবন ধসে পড়েছে’ এবং ‘ঢাকায় উড়াল সড়ক ভেঙে পড়েছে’এমন দুটি ছবি ও ভিডিওর তথ্য।

সংস্থা দুটি জানায়, গত শুক্রবার ভূমিকম্পের পর ফেসবুকে উড়াল সড়ক ভেঙে পড়ার একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়, ‘দিয়াবাড়ীতে উড়াল সড়ক ভেঙে পড়ার দৃশ্য’। আবার কোথাও কোথাও একই ভিডিও পোস্ট করে ‘এটি আশুলিয়ার ঘটনা’ দাবি করে।

হাইভ মডারেশন, ওয়াজ ইট এআইসহ বিভিন্ন ওয়েবসাইটে বিশ্লেষণ চালিয়ে দেখা যায়, ভিডিওটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।

শুক্রবারের ভূমিকম্পে ঢাকায় উড়াল সড়ক ভেঙে পড়ার কোনো তথ্য পাওয়া যায়নি। ‘ঢাকায় ৮তলা ভবন ধসে পড়েছে’ এমন ছবিসহ পোস্টগুলোও ভুয়া। ছবিটি এআই দিয়ে তৈরি।

ভূমিকম্পের প্রভাবে ঢাকায় কয়েকটি ভবন হেলে পড়ার তথ্য পাওয়া গেলেও ৮তলা ভবন পুরো ধসে পড়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

একইদিন ২তলা একটি ভবনের মাঝামাঝি বড় ফাটল ধরেছে এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘ভূমিকম্পের নির্মম শক্তি আজ আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মানুষ কত অসহায়! ছবির এই ভবনটি আড়াআড়ি ফেটে দুই ভাগ হয়ে গেছে। ভাগ্য ভালো, প্রাণহানির খবর নেই, কিন্তু এ দৃশ্য সত্যিই শিউরে ওঠার মতো।’

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবিতে বাড়ির নামফলক কিংবা তার অবস্থান জানা যায়এমন কোনো তথ্য নেই। মূলধারার গণমাধ্যমেও শুক্রবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর যেসব ছবি প্রকাশিত হয়েছে, তার মধ্যে এমন কোনো ছবি নেই।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমেও এমন ছবি খুঁজে পায়নি ফ্যাক্টওয়াচ।

আনডিটেক্টেবল এআই, ডিকপি এআই, ইসজেন এআইসহ বিভিন্ন ওয়েবসাইটের বিশ্লেষণ থেকে ফ্যাক্টওয়াচ জানায়, ছবিটি এআই দিয়ে তৈরি।

ভূমিকম্পে ঢাকার পরিস্থিতি দাবি করে একটি ভিডিও পোস্ট হয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

অনুসন্ধান করে রিউমর স্ক্যানার জানায়, ভিডিওটি বাংলাদেশের বলে প্রচার করা হলেও এটি প্রকৃতপক্ষে নেপালের।

নিউমার্কেটনীলক্ষেত এলাকার একটি ভবন হেলে পড়েছে এমন ছবিসহ পোস্টও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

রিউমর স্ক্যানার টিম স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানাতে পারে, ভবনটির ডিজাইনই এমন। সেখানে কোনো ধস বা কাঠামোগত ক্ষতি হয়নি।

এ ছাড়া, ভূমিকম্পের পরপরই প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন হেলে পড়েছেএমন ছবি দুয়েকটি গণমাধ্যমে প্রকাশ হয়। সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

তবে খোদ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া ফেসবুক পোস্টেই ছবিটি ভুয়া বলে জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো ক্ষয়ক্ষতি নেই।’

এক বার্তায় এসব গুজবে কান না দেওয়ারও আহ্বান জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

এরপর গতকাল সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার এবং সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত