মানিকগঞ্জ 

তৌহিদী জনতার হামলায় তিন বাউল সমর্থক আহত

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৩:২২ পিএম

মানিকগঞ্জে তৌহিদী জনতার হামলায় তিন বাউল সমর্থক আহত হয়েছেন। তবে একই ঘটনায় বাউল সমর্থকদের পাল্টা হামলায় তৌহিদী জনতার একজনও আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন বাউল শিল্পী আলিম, আরিফুল ও জহিরুল। তবে তৌহিদী জনতার পক্ষে আহত ব্যক্তির নাম পাওয়া যায়নি। আহতরা মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহান আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করে তৌহিদী জনতা। বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে দক্ষিণ সেওতা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে সমবেত হয়।

এদিকে আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিতে কয়েকজন বাউল ওই এলাকায় অবস্থান করছিলেন। পরে তৌহিদী জনতার মিছিলের অংশগ্রহণকারীরা তাদের ধাওয়া করে হামলা চালায়। এতে বাউল সম্প্রদায়ের তিনজন আহত হন। একই ঘটনায় বাউল সমর্থকদের পাল্টা হামলায় তৌহিদী জনতার একজনও আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত