কুমিল্লায় বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:২৪ এএম

কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে মুছা (২৬) নামের এক যুবককে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রবিবার গভীর রাতে উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

গতকাল সোমবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত মুছা একই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদসার গ্রামের মোবাইল ব্যবসায়ী ময়নাল হোসেন প্রায় ১০ দিন আগে কাদুটি বাজার থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন। ওই সময় দুর্বৃত্তরা তার কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা এবং কয়েকটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনার পর থেকেই ময়নাল মুছাকে সন্দেহ করতে থাকেন। এর মধ্যে মুছা ৮-১০ দিন বাড়িতে না থাকায় সন্দেহ আরও গভীর হয়। রবিবার রাত সাড়ে ১২টার দিকে মুছা বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যে ময়নাল, তোফাজ্জল হোসেনসহ আরও কয়েকজন এসে মুছাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যান এবং প্রকাশ্যে বেধড়ক পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ। ঘটনার পর হামলাকারীরা মরদেহ ফেলে রেখে পালিয়ে যান।

এ বিষয়ে ময়নাল হোসেনের চাচাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য সামির হোসেন বলেন, ‘১০-১২ দিন আগে রাতের অন্ধকারে ময়নালকে আটকে বৈদ্যুতিক শক দিয়ে টাকাপয়সা ও মোবাইল ছিনিয়ে নেয় একটি সংঘবদ্ধ চক্র। মুছাকে হত্যার সময় আমি বাড়িতে ছিলাম না। তবে শুনেছি, মুছার নিজের পরিবারের লোকজনই খবর দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে।’

চান্দিনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হচ্ছে না। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ফরিদপুরে গণপিটুনিতে যুবক নিহত :

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে শাহিন (২৩) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। গত রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর সার্বজনীন দুর্গামন্দিরের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শাহিন একই উপজেলার গজগাঁও এলাকার মো. মোস্তফার ছেলে। আহতরা হলেন সুমন শেখ (২৫), পারভেজ (১৮) ও এনামুল (২৫)। তাদের সবার বাড়ি নগরকান্দা উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই চার যুবক তালমা মোড় থেকে একটি মাহিন্দ্রা গাড়ি থেকে নেমে হেঁটে রামনগর ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। দেবীনগর দুর্গামন্দিরের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। হঠাৎ তারা ‘চোর-চোর’ বলে চিৎকার শুরু করলে আশপাশের কয়েকশ লোক জড়ো হয়ে চারজনকে এলোপাতাড়ি মারধর করে। খবর পেয়ে নগরকান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে। শাহিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি তিনজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা যান।

নগরকান্দা থানার ওসি মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত