তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটান ফিরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোবগে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন। ঢাকা ত্যাগের আগে রাষ্ট্রাচার অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অব অনার দেওয়া হয়। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়।
গত শনিবার সকালে বাংলাদেশ সফরে আসেন শেরিং তোবগে। সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সফরকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, সরকারের একাধিক উপদেষ্টা, বিএনপির শীর্ষপর্যায়ের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ভুটানের প্রধানমন্ত্রী।
