মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার বিচার এবং বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে (জাবি) মশাল মিছিল হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্রজোটের উদ্যোগে মিছিলটি টিএসসি থেকে শাহবাগ হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অন্যদিকে গতকাল রাত ৮টার দিকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মশাল মিছিল বের করেন একদল শিক্ষার্থী।
মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন কবি-চিন্তক ফরহাদ মজহার। ভবিষ্যতে বাউলদের নিয়ে মানিকগঞ্জেই সম্মেলন করার ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ ঘোষণা দেন ফরহাদ মজহার। সাধুগুরুভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদের ডাকে এ সমাবেশ হয়।
আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গভীর উদ্বেগ এবং নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। গতকাল পৃথক বিবৃতিতে এ হামলার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার দাবিসহ সাম্প্রদায়িক উসকানি বা সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানায় আসক ও এইচআরএসএস।
এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় বাউল ও লোকসংগীত শিল্পী, সাংস্কৃতিক কর্মীদের ওপর চলমান হামলা, হুমকি, অনুষ্ঠান বন্ধ ও অপমানজনক আচরণের ঘটনাগুলোকে বাংলাদেশের ‘সাংস্কৃতিক স্বাধীনতার ওপর প্রকাশ্য আক্রমণ’ হিসেবে চিহ্নিত করেছে ‘বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম’। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো খবর
ঢাবিতে মশাল মিছিল : মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার বিচার এবং বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল হয়েছে। বিপ্লবী ছাত্রমৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশার সঞ্চালনায় ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান ও ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদ সদস্য হেমা চাকমা।
ফারজানা ওয়াহিদ সায়ান বলেন, তারা (সরকার) প্রতিটি মানুষের নিরাপত্তাবোধকে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। যত রকমের মবতন্ত্র হয়েছে, প্রতিটির ব্যর্থতা মূলত সরকারের। সমাজ হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য আছে, আমরা জেলায়-জেলায়, পাড়ায়-পাড়ায় সব প্রতিষ্ঠানকে পাহারা দেওয়ার দায়িত্ব নিতে চাই।
হেমা চাকমা বলেন, বাউল যেমন রাস্তায় গান গাইবে, যেমন করে বাদ্যযন্ত্র বাজাবে, ঠিক তেমনি করে বাংলাদেশের প্রতিটি মানুষ যে ধর্মেরই হোক না কেন, যে জাতিগোষ্ঠীরই হোক না কেন, তাদের কথা বলার, গান গাওয়ার, নাচ করার অধিকারটা তাকে দিতে হবে।
জাবিতে মশাল মিছিল : বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে এবং সারা দেশে বাউল-ফকির-সুফিদের ওপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।
সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন বলেন, দুই বছর ধরে আমরা লাগাতার দেখছি মাজারে হামলা হচ্ছে, সুফি-বাউলদের ওপর হামলা হচ্ছে, যারা ভিন্নমতের অনুসারী, যারা বাউল-ফকির, তাদের রাস্তায় ধরে ধরে চুল কেটে দেওয়া হচ্ছে। একটি স্বাধীন রাষ্ট্রে ব্যক্তির ব্যক্তি-স্বাধীনতার ওপর এমন আক্রমণ, ভিন্নমতের ওপর আক্রমণ গণঅভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় কোনোভাবেই কাম্য ছিল না। কিন্তু দুঃখজনক হলো, এত হামলার কোনো একটিরও সুষ্ঠু তদন্ত বা সুষ্ঠু বিচার এ অন্তর্বর্তী সরকার দেখাতে পারেনি। অর্থাৎ আমরা আবারও সেই ‘ফ্যাসিস্ট রেজিমের’ মতো বিচারহীনতার দৃষ্টান্তের মধ্যে পড়ে আছি। এ বিচারহীনতার আমরা তীব্র নিন্দা জানাই।
পেটালে পিটুনি খাব : ফরহাদ মজহার
পালাকার ও বয়াতি মহারাজ আবুল সরকারকে গ্রেপ্তার এবং মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন কবি-চিন্তক ফরহাদ মজহার। ভবিষ্যতে বাউলদের নিয়ে মানিকগঞ্জেই সম্মেলন করার ঘোষণা দিয়েছেন তিনি।
আবুল সরকারের মুক্তির দাবি এবং মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে ফরহাদ মজহার বলেন, ‘আপনারা যেটাকে ইসলামের নামে চালাচ্ছেন, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আপনি নিজে মনে করেন ঠিক, এটাই মনে করছেন কোরআনে আছে, এটাই ভাবছেন হাদিসে আছে। এগুলো নেই।’
সমাবেশে যোগ দিয়ে বাউল-ফকির, সাধুসন্তদের পরবর্তী মহাসম্মেলন মানিকগঞ্জে করার ঘোষণা দিয়ে ফরহাদ মজহার বলেন, ‘মানিকগঞ্জে যারা এ নিরীহ বাউলদের পেটাচ্ছেন, আমি থাকব, আমাকে পেটাবেন, আমি পিটুনি খাব। আমরা প্রতিহিংসা করি না। কিন্তু আপনাদের একটা শিক্ষা দিয়ে যাব।’
সহিংসতা ইসলামের পথ নয় মন্তব্য করে ফরহাদ মজহার বলেন, ‘যারা নিরীহ মানুষের ওপর জুলুম করে, সহিংসতা করে, তারা কখনোই রসুলের উম্মত হিসেবে নিজেকে দাবি করতে পারে না। ফলে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আজ যেভাবে আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে একটা শক্তিশালী ধর্মবাদী ফ্যাসিস্ট ধারা হামলা করছে, আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে এই লড়াইটা চালিয়ে যান।’
পদক্ষেপ নেওয়ার দাবি শর্ট ফিল্ম ফোরামের : দেশের বিভিন্ন জায়গায় বাউল ও লোকসংগীত শিল্পী, সাংস্কৃতিক কর্মীদের ওপর চলমান হামলা, হুমকি, অনুষ্ঠান বন্ধ ও অপমানজনক আচরণের ঘটনাগুলোকে বাংলাদেশের ‘সাংস্কৃতিক স্বাধীনতার ওপর প্রকাশ্য আক্রমণ’ হিসেবে চিহ্নিত করেছে ‘বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম’। সংগঠনটি এ ধরনের হামলা, হুমকি বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবিসহ কয়েকটি দাবি তুলেছে।
গতকাল শর্ট ফিল্ম ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব হামলা কেবল কয়েকজন শিল্পীর বিরুদ্ধে নয়, বরং জাতির মানবতাবাদী চেতনার বিরুদ্ধে সংগঠিত অপতৎপরতা।
বাউল সমর্থকদের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ : মানিকগঞ্জে বাউল সমর্থকদের ওপর হামলার ঘটনায় ‘অজ্ঞাত তৌহিদী জনতাকে’ আসামি করে সদর থানায় অভিযোগ করেছেন আহত আব্দুল আলীম। গতকাল রাত সাড়ে ৭টার দিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
