আন্তঃলেনদেনে আসছে সব প্রতিষ্ঠান : গভর্নর

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:২৯ এএম

সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানকে ২০২৭ সালের জুলাই মাসের মধ্যে আন্তঃলেনদেন বা ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেমের আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গতকাল সোমবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘ইনস্ট্যান্ট পেমেন্ট ইন বাংলাদেশ : আনভেইলিং ইনক্লুশন অপরচুনিটিজ’ শীর্ষক একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘২০২৭ সালের জুলাইয়ের মধ্যে এটা সম্ভব। সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানিসহ সব ধরনের প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হয়ে যাবে। ফলে অনলাইনে সব লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হবে এবং নগদ অর্থের প্রয়োজনীয়তা অনেকাংশে কমে আসবে।’

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এ লক্ষ্যে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) নামে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্ম প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান ‘মোজোলুপ’। তবে নিরাপত্তাজনিত কারণে চুক্তিটি ভার্চুয়ালি সম্পন্ন হয়েছে এবং গেটস ফাউন্ডেশন বা মোজোলুপের কোনো প্রতিনিধি সশরীরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

গভর্নর জানান, এ প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে এটি পরিচালিত হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

গভর্নর আরও বলেন, “বাংলাদেশ ব্যাংকের আগের উদ্যোগ ‘ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম’ (বিনিময়) এবং অন্যান্য উদ্যোগ সফল হয়নি; কারণ, অনেক প্রতিষ্ঠান এখনো তাতে যোগ দেয়নি। গেটস ফাউন্ডেশনের কারিগরি ও আর্থিক সহযোগিতায় নতুন এ প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো লেনদেন ব্যবস্থাকে ক্যাশলেস করা সম্ভব হবে। লেনদেনে স্বচ্ছতা আনতে ডিজিটাইজেশনের কোনো বিকল্প নেই। আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হলে দুর্নীতি কমবে, রাজস্ব আদায় বাড়বে এবং অর্থনীতিতে স্বচ্ছতা আসবে।”

এর আগে নগদ লেনদেন কমাতে বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিং, বিনিময়, কিউআর কোডসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছিল। কিন্তু মোবাইল ব্যাংকিং ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম তেমন সাড়া পায়নি। চলতি বছর এমএফএস প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করা হলেও অনেক প্রতিষ্ঠান তাতে যোগ দেয়নি। গেটস ফাউন্ডেশনের অর্থায়নে গড়ে ওঠা বিকাশও এখনো সেই প্ল্যাটফর্মে যোগ দেয়নি।

নতুন প্ল্যাটফর্মে গেটস ফাউন্ডেশনের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে ফাউন্ডেশনের ইনক্লুসিভ ফাইন্যান্সিয়াল সিস্টেমসের বাংলাদেশ কান্ট্রি লিড স্নিগ্ধা আলী বলেন, ‘গেটস ফাউন্ডেশন শুধু আর্থিক ও কারিগরি সহায়তা দেয়, কোনো প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ বা পরিচালনায় হস্তক্ষেপ করে না। বিকাশ হয়তো ব্যবসায়িক বিবেচনায় দেখেছে যে, আগের প্ল্যাটফর্মে যোগ দেওয়া তাদের জন্য লাভজনক নয়। সে কারণে তারা যোগ দেয়নি।’

আইআইপিএসে গ্রাহক পর্যায়ে লেনদেন খরচ কমাতে ভর্তুকি বা প্রণোদনার বিষয়টি উত্থাপিত হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শারাফত উল্লাহ খান বলেন, ‘প্রতিযোগিতা বাড়লে খরচ স্বাভাবিকভাবেই কমে আসবে। তবে প্রয়োজনে সাবসিডি বা প্রণোদনার বিষয়টিও ভেবে দেখা যেতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত