‘‌ক্যাথলিকদের স্বামী বা স্ত্রী একটিই হওয়া উচিত’

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

ভ্যাটিকান নতুন নির্দেশনায় জানিয়েছে, ক্যাথলিকদের জীবনে একজন স্বামী বা স্ত্রীই যথেষ্ট এবং একাধিক যৌন সম্পর্ক এড়িয়ে চলাই সমীচীন। 

পোপ লিও অনুমোদিত এই নির্দেশনায় শীর্ষ তাত্ত্বিক কার্যালয় মঙ্গলবার বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিককে একক প্রতিশ্রুতির গুরুত্ব স্মরণ করিয়েছে।

নির্দেশনায় বিশেষভাবে আফ্রিকায় বহুবিবাহের প্রথা সমালোচনা করা হয়েছে। ভ্যাটিকান পুনর্ব্যক্ত করেছে যে, বিবাহ হল এক পুরুষ ও এক নারীর মধ্যে আজীবন একসাথে থাকার অঙ্গীকার।

নির্দেশনায় সমলিঙ্গের বিয়ে নিয়ে কোনো আলোচনা করা হয়নি। বরং প্রথাগত বিবাহের ‘ঐশ্বর্য ও সৌন্দর্য’ তুলে ধরার ওপর জোর দেওয়া হয়েছে। ক্যাথলিকদের উৎসাহ দেওয়া হয়েছে, জীবনসঙ্গী হিসেবে একজনকে বেছে নিতে এবং তার প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকতে।

নির্দেশনায় বলা হয়েছে, “প্রতিটি বৈধ বিবাহ দুই ব্যক্তির এমন মিলন, যা অন্তরঙ্গ এবং পূর্ণাঙ্গ সম্পর্কের দাবি রাখে, এবং যা অন্য কারও সঙ্গে ভাগ করা যায় না। বিবাহে দুই ব্যক্তির মর্যাদা ও অধিকার সমান হওয়ায় এটি বিশেষ যত্ন ও অঙ্গীকার দাবি করে।”

ভ্যাটিকানের দুটি সাম্প্রতিক সম্মেলনে (২০২৩ ও ২০২৪) বিবাহ ও ক্যাথলিক মতবাদের কার্যকারিতা নিয়ে তুমুল বিতর্ক হয়েছে।

আফ্রিকায় চার্চের অনেক সদস্যের বহুবিবাহের প্রথা নিয়ে সেখানে উষ্ণ আলোচনা হয়। পশ্চিমা দেশেও একাধিক সম্পর্কের প্রবণতা নিয়ে ব্যাপক বিশ্লেষণ হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, “বহুবিবাহ, ব্যাভিচার বা একাধিক প্রেম মূলত বিভ্রান্তির ওপর দাঁড়ায়, যেখানে মনে হয় একাধিক সম্পর্কের পরই গভীর সম্পর্ক পাওয়া সম্ভব।”

নির্দেশনায় বিবাহবিচ্ছেদ নিয়ে কোনো আলোচনা করা হয়নি। ক্যাথলিক চার্চ বিবাহবিচ্ছেদ স্বীকৃতি দেয় না; বিয়ে হলো জীবনভর একসাথে থাকার অঙ্গীকার। তবে চার্চ চাইলে বিয়ে বাতিল করা যেতে পারে। পাশাপাশি বলা হয়েছে, নিপীড়নমূলক সম্পর্কের কোনো স্থান নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত