মদসহ আটক, সন্দেহভাজন হিসেবে আদালতে সোপর্দ!

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১১:৪৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তালতলা ফাঁড়ি পুলিশের বিরুদ্ধে মাদকসহ তিনজনকে আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার তাদের জামপুর ইউনিয়নের পাকু-া চেকপোস্ট এলাকা থেকে ১২ বোতল বিদেশি মদসহ আটক করে পরদিন শুক্রবার সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠায়।

জানা যায়, তালতলা ফাঁড়ি পুলিশের এএসআই মো. নাসিরউদ্দিন পাকুন্ডা এলাকায় গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ব্যাগভর্তি ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অটোরিকশার যাত্রী শামীম, শুভ দেবনাথ ও চালক সাইদুর রহমান সাদু মিয়াকে অটোরিকশাসহ আটক করে।

অভিযোগ রয়েছে, আসামিদের আত্মীয়স্বজনের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের সন্দেহভাজন আসামি হিসেবে ১৫১ ধারায় সোনারগাঁ থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। ওইদিন বিকেলেই তিন আসামি আদালত থেকে ছাড়া পেয়ে ফাঁড়ি থেকে তাদের ব্যবহৃত অটোরিকশা ছাড়িয়ে নিয়ে যায়। তবে উদ্ধার হওয়া ১২ বোতল মদের কোনো হদিস পাওয়া যায়নি।

তালতলা ফাঁড়ি পুলিশের পরিদর্শক আবদুল হক জানান, গত বৃহস্পতিবার রাতে তিনজনকে মাদকসহ আটক করা হয়েছে। পরে কী মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে কোনো টাকার লেনদেন হয়নি বলে তিনি দাবি করেন।

জব্দ তালিকার সাক্ষী অন্য অটোরিকশাচালক জামাল হোসেন জানান, পুলিশ পাকু-া ব্রিজে রাতে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এএসআই নাসির সাদা কাগজে জব্দ তালিকায় তার স্বাক্ষর নিয়েছেন। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ফাঁড়ি পুলিশ ওই আসামিদের বিষয়ে কী করেছে, তা তিনি জানেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত