মাতুয়াইলে ভাড়া-বাণিজ্যে ‘দলীয় সন্ত্রাস’

তারেক রহমানের কাছে নবীউল্লাহ নবি ও জামাতার বিরুদ্ধে অভিযোগ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০০ পিএম

ঢাকা দক্ষিণ সিটির মাতুয়াইল এলাকায় বিএনপির স্থানীয় নেতা নবীউল্লাহ নবি ও তার জামাতা ফেরদৌস হোসাইন রনীর বিরুদ্ধে লিজপ্রাপ্ত বাণিজ্যিক স্থাপনার ভাড়া জোরপূর্বক উত্তোলন এবং ভাড়াটিয়াদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য অবস্থানরত লিজগ্রহীতা আম্মাতুল উম্মী ফাহিমা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০০১ সালে বিএনপি সরকারের সময়ে পাঁচজন মিলে সংশ্লিষ্ট সম্পত্তির বৈধ লিজ পান এবং গত ২৫ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছেন। সম্প্রতি প্রায় ৭০–৭৫ লাখ টাকা ব্যয়ে উন্নয়ন ও শেড নির্মাণ করে নতুন ভাড়াটিয়া বসানোর পর সমস্যা শুরু হয়।

আম্মাতুল উম্মী ফাহিমার অভিযোগ, ২০২৫ সালের ৬ আগস্ট থেকে নবীউল্লাহ নবি ও তার জামাতা দলীয় প্রভাব খাটিয়ে ভাড়াটিয়াদের নবী টাওয়ারে ডেকে নিয়ে ১২ মাসের ভাড়া জোরপূর্বক আদায় করেন। এতে ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদের ব্যবসা বিঘ্নিত হয়।

তিনি বলেন, আমরা বৈধ দখলদার হলেও নবী সাহেব ও রনি কোনো কাগজপত্র মানছেন না। দলীয় পরিচয় ব্যবহার করে তারা জোরপূর্বক ভাড়া তুলছেন। ভাড়াটিয়াদের অগ্রিম অর্থ ফিরিয়ে দেওয়াও এখন আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, তাদের কারও কোনও রাজনৈতিক সম্পৃক্ততা না থাকলেও স্থানীয় প্রভাববলে তাদের সম্পত্তিতে হস্তক্ষেপ চালানো হচ্ছে।

আম্মাতুল উম্মী ফাহিমা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তিন দফা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান- চাঁদাবাজি ও অবৈধ ভাড়া উত্তোলন বন্ধ করা, জোরপূর্বক আদায়কৃত ১২ মাসের ভাড়া ফেরত নিশ্চিত করা, ভাড়াটিয়াদের নিরাপদে ব্যবসা পরিচালনার নিশ্চয়তা প্রদান। তিনি অভিযোগপত্রে আশা প্রকাশ করেন, দলের শৃঙ্খলা ও নেতৃত্বের মর্যাদা অক্ষুণ্ন রাখতে কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত ব্যবস্থা নেবে।

এ বিষয়ে নবীউল্লাহ নবি বা তার জামাতা ফেরদৌস হোসাইন রনীর মন্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত