এয়ারবাস নিয়ে জার্মান রাষ্ট্রদূতের বক্তব্য খারিজ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:২০ পিএম

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিমান কেনার যেকোনও সিদ্ধান্তের ফলে ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রভাবিত হবে না। এয়ারবাসের পরিবর্তে বোয়িং বেছে নেওয়া হলে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সম্পর্ক এবং জিএসপি-সম্পর্কিত আলোচনার ওপর প্রভাব পড়তে পারে বলে জার্মান রাষ্ট্রদূতের মন্তব্যও খারিজ করে দিয়েছেন তিনি।

আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, আমি বিশ্বাস করি না কোনও বাণিজ্যিক চুক্তির ফলে আমাদের সামগ্রিক সম্পর্ক প্রভাবিত হবে। রাষ্ট্রদূতরা স্বাভাবিকভাবে তাদের দেশের বাণিজ্যিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো প্রচার করেন। তবে বাংলাদেশ বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং জাতীয় প্রয়োজন বিবেচনায় ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, যেকোনও রাষ্ট্রদূত স্বাভাবিকভাবেই তার দেশের পণ্যের প্রচারের চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক এবং এটি তার দায়িত্বেরও অংশ। তিনি তার দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ বাইরের চাপ বা মন্তব্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে না।

তিনি উল্লেখ করেন, আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো— আমাদের বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রয়োজনীয়তা এবং বহরের আকারের ওপর ভিত্তি করে কী নির্ধারণ করবেন, সেটি। আমরা বিশেষজ্ঞদের মতামতের বাইরে যাব না, অন্যরা কী বলবে তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেব না।

এর আগে দিনের শুরুতে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত অনুষ্ঠান ‘ডিক্যাব টক’-এ এক প্রশ্নের জবাবে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ বলেন, এয়ারবাস বিমান কেনার প্রতিশ্রুতি থেকে বাংলাদেশের সরে আসা ইউরোপের সঙ্গে দেশটির বাণিজ্য সম্পর্কের ওপর প্রভাব ফেলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত