গান ও উপস্থাপনা দুই মাধ্যমেই বেশ ছন্দময় সময় পার করছেন ইয়াসমিন লাবণ্য। বর্তমানে তিনি একই সঙ্গে মাছরাঙা টিভি, বিটিভি ও বাংলাদেশ বেতারের তিনটি ভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। পাশাপাশি গানেও তার ব্যস্ততা কম নয়। ব্যস্ততার এই ধারাবাহিকতায় আজ তিনি সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার (ফরাসি ভাষা ও
সাংস্কৃতিক কেন্দ্র) সংগীত বিভাগের আয়োজনের ‘দ্য ট্রেডিসন অব মেলোডি’র পঞ্চম পর্বে গান গাইবেন। ইয়াসমিন লাবণ্য বলেন, ‘আজ থেকে এক মাসেরও বেশি সময় আগে দ্য ট্রেডিসন অব মেলোডির এই পর্বে গান গাওয়ার জন্য চূড়ান্ত হই। যেহেতু এই আয়োজনটি আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার আয়োজন। তাই আমার পূর্ণ আস্থা আছে আয়োজনটি বেশ পরিপাটি ও নিখুঁত হবে। এতে আমি ছাড়াও আরও যারা সংগীত পরিবেশন করবেন, তাদের সবার পরিবেশনায় আজকের আয়োজনটি মনোমুগ্ধকর হয়ে উঠবে এমনটাই আশা রাখছি।’
তিনি আরও বলেন, ‘অনুষ্ঠানের প্রধান অতিথি, গেস্ট আর্টিস্ট, স্টুডেন্ট আর্টিস্ট এবং কো-অর্ডিনেটরসহ যারা আছেন এই আয়োজনের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের জন্য রইল অনেক শুভকামনা। আমার বিশ্বাস, অনুষ্ঠানটির শুরু থেকে শেষ পর্যন্ত আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকব একজন পেশাদার শিল্পীর দায়বদ্ধতার জায়গা থেকে। যেহেতু আয়োজনটি সবার জন্য উন্মুক্ত, তাই আশা করছি অনেকের সঙ্গে দেখা হবে এই আয়োজনে।’
ইয়াসমিন লাবণ্য দীর্ঘদিন যাবৎ একজন সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’তে চাকরি করছেন। একজন উপস্থাপক হিসেবে তিনি ‘মাছরাঙা’ টিভির সঙ্গে যুক্ত আছেন বেশ কয়েক বছর। কিছুদিন আগে থেকেই তিনি বিটিভির নিয়মিত গানের অনুষ্ঠান ‘সংগীতা’য় সম্পৃক্ত হয়েছেন উপস্থাপক হিসেবে। পাশাপাশি বাংলাদেশ বেতারের প্রতি বুধবারের সরাসরি গানের অনুষ্ঠান ‘ইউফোনি’রও যাত্রা শুরু হয়েছে তারই হাত ধরে। অর্থাৎ লাবণ্যই এই অনুষ্ঠানের উপস্থাপনা করছেন।
তবে লাবণ্যর আক্ষেপের জায়গা একটাই, তিনি নিজেকে একজন সংগীতশিল্পী হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্ধ্যবোধ করলেও তার নিয়মিত মৌলিক গান প্রকাশ পাচ্ছে না। যে কারণে এই বছর মৌলিক গানে মনোযোগী হওয়ার কথা থাকলেও ব্যক্তিজীবনসহ আনুষঙ্গিক নানা কাজের ব্যস্ততার কারণে মৌলিক গানের দিকে তার মনোযোগ দেওয়া হয়ে ওঠেনি।
