হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে। মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে তার চিকিৎসা চলছে। সাবেক এই প্রধানমন্ত্রী এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে।
চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে। মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।’
বিএনপি সূত্রে জানা গেছে, লন্ডন থেকে ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশে আছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
এদিকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীসহ সারা দেশে দোয়া মাহফিল করছেন বিএনপির নেতাকর্মীরা। গতকাল বুধবার রাজধানীতে নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপি অফিসে খালেদা জিয়ার আশু সুস্থতায় দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী মহিলা দল।
বিএনপির দপ্তর জানায়, ঢাকার বিভিন্ন স্থান ছাড়াও সারা দেশে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
দোয়া মাহফিলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশনেত্রীর আশু সুস্থতা কামনা করে বলেন, ‘দেশনেত্রী এমন একজন নেত্রী যিনি আমাদের গভীর অন্ধকারে আলোর পথ দেখিয়েছেন। তিনি সংকটের মধ্যেও কী করে মাথা উঁচু করে থাকতে হয় সেটা আমাদের শিখিয়েছেন। আমাদের শিখিয়েছেন সংকটের মধ্যেও নিজেদের মধ্যে ঐক্য রেখে এগিয়ে যেতে হয়। আমরা আজকে এখানে তার সুস্থতার জন্য দোয়া করব, আমরা তার দীর্ঘায়ু কামনা করব।’
তিনি বলেন, ‘আমরা যারা ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠেছি, এই বেড়ে ওঠার নতুন প্রেরণা দিয়েছেন তিনি হচ্ছেন দেশনেত্রী। কত রোদ, শোক, সংকটে তিনি এই মাটিকে ছেড়ে, এই দেশকে ছেড়ে তিনি যাননি। তিনি আমাদের গর্ব, তিনি আমাদের অহংকার। তার অটুট মনোবল যেভাবে আমাদের উদ্ভুদ্ধ করে, আমাদের যেভাবে সাহসী করে তোলে, আমাদের যেভাবে সামনের প্রতিকূলতাকে মোকাবিলা করার সাহস জাগায় তিনি দেশনেত্রী। তিনি আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের গণতন্ত্রের মা আমরা আল্লাহর কাছে কায়মনো বাক্যে তার সুস্থতার জন্য দোয়া করব। তিনি সুস্থ, হয়ে উঠুন, এই দোয়া আমরা করব।’
মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ।
এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুলের তোড়া ও চিঠি পাঠিয়েছেন ঢাকাস্থ চায়না রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল বুধবার সন্ধ্যায় তা গ্রহণ করেন চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
গত রবিবার থেকে এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে (চেস্টে) ইনফেকশন হয়েছে। কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনসহ মোট তিনটি আসনে লড়বেন খালেদা জিয়া।
