ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য

ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:২২ এএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল বুধবার ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। আগামী রবিবার এ বিষয়ে শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানিতে প্রসিকিউটর তামীম বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে ফজলুর রহমান বলেছেন, তিনি এই ট্রাইব্যুনাল মানেন না। এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য। তাই এ ট্রাইব্যুনালে অন্য কোনো বিচার হতে পারে না বলে টকশোতে তিনি (ফজলুর রহমান) মন্তব্য করেছেন। প্রসিকিউটর বলেন, ‘এই ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ, ক্রাইম অ্যাগেইনস্ট পিসের বিচার করতে পারেন। এখন এই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। উনার (ফজলুর রহমান) মাথায় শুধু যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি আছে।’ প্রসিকিউটর তামীম বলেন, ‘ফজলুর রহমান একজন সিনিয়র আইনজীবী। তারপরও তিনি বিভিন্ন রাজনৈতিক দল, ট্রাইব্যুনালের গঠনপ্রক্রিয়া ও বিচার নিয়ে প্রতিনিয়ত নেতিবাচক বক্তব্য দিয়ে ট্রাইব্যুনালকে অবমূল্যায়ন করছেন। তিনি ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা করছেন।’

অভিযোগ উপস্থাপনের সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজমুদার ও সদস্য মো. শফিউল আলম মাহমুদ এজলাসের আসনে উপস্থিত ছিলেন না। ট্রাইব্যুনালের সদস্য বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী প্রসিকিউটরদের উদ্দেশে বলেন, ‘অভিযোগটি গুরুতর। আজ (গতকাল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান নেই। আগামী রবিবার শুনানি হবে।’

প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘তিনি (ফজলুর রহমান) টকশোতে বলেছেন, এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না। ট্রাইব্যুনালের সব বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন, প্রসিকিউশন অথবা থার্ড পার্টি কারও সঙ্গে ইন্টারনাল অ্যারেজমেন্টে এ জাজমেন্ট বা প্রসিডিং চলছে।’ প্রসিকিউটর মিজানুর ইসলাম বলেন, ‘তার (ফজলুর রহমান) এ বক্তব্য বিচারক, বিচারালয় ও বিচারপ্রার্থীর জন্য চরম অবজ্ঞাসূচক বক্তব্য বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননার শামিল।’

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গত ২৬ আগস্ট ফজলুর রহমানের প্রাথমিক সদস্যসহ তার পদ তিন মাসের জন্য স্থগিত করে বিএনপি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন, তাতে কিশোরগঞ্জ-৪ আসরে ফজলুর রহমানের নাম রয়েছে। ফজলুর রহমান ২০০৭ সালে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন। কয়েক বছর তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত