পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে নির্বাচন প্রচারণার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডলের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
দলটির দাবি, বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা দফায় দফায় হামলা, গুলিবর্ষণ, গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ ঘটনায় তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে তিনি জানান, বিকেলে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি জগির মোড় এলাকায় হামলায় অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
তার গাড়ি এবং শতাধিক মোটরসাইকেলও ভাঙচুর করে আগুন লাগানো হয়েছে। এটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এর আগের দিনও একই এলাকায় জামায়াতের কর্মীদের ওপর হামলা হয়েছিল।
ধারাবাহিক এসব ঘটনা নির্বাচনী মাঠকে উত্তপ্ত করার প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর অস্ত্র নিয়ে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আহতদের সুস্থতা কামনা করেন এবং স্থানীয় নেতাদের তাদের পাশে থাকার নির্দেশনা দেন।
পাশাপাশি তিনি বলেন, শান্তিপূর্ণভাবে প্রচার চালানোর প্রতি জামায়াত অঙ্গীকারবদ্ধ এবং সহিংসতার বিরুদ্ধে দল কঠোর অবস্থান নেবে।
