বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কারাবন্দি অবস্থায় বেগম খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করা হয়েছিল। বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গেলেও অসুস্থ অবস্থায় বের হয়েছেন। গতকাল শুক্রবার টাঙ্গাইল বেবিস্ট্যান্ড কবরস্থান মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
টুকু বলেন, ছয় বছর কারাবন্দি থাকার সময় বিএনপি চেয়ারপারসনের ওপর বিভিন্নভাবে অমানবিক আচরণ করা হয়েছে। এ সময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চান।
খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেশের মাদার অব ডেমোক্রেসি উল্লেখ করে টুকু বলেন, জনগণের অধিকার আদায়ে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং দেশকে আবার নেতৃত্ব দেওয়ার সুযোগ দেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এ আশা প্রকাশ করে টুকু বলেন, টাঙ্গাইল সদরের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে জনগণ ভালো সাড়া দিচ্ছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল জুমার নামাজ শেষে টাঙ্গাইলের বিভিন্ন মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
