মোদির আমন্ত্রণে ভারতে যাচ্ছেন পুতিন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০২:২৯ এএম

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন। গতকাল শুক্রবার ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ব্যক্তিগত আমন্ত্রণে সাড়া দিয়ে নয়াদিল্লি যাচ্ছেন রুশ নেতা। আগামী ডিসেম্বরের ৪ ও ৫ তারিখ ভারত সফরে থাকবেন পুতিন। ক্রেমলিনের বিবৃতিতে জানা গেছে, এই সফরে দুই নেতা একাধিক বাণিজ্য চুক্তিতে সই করবেন। পাশাপাশি, আলোচনায় স্থান পাবে রুশ-ভারত সম্পর্কের খতিয়ান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো। ভøাদিমির পুতিন এমন সময় পুতিন ভারতে যাচ্ছেন যখন রুশ তেল কেনা প্রসঙ্গে নয়াদিল্লির সঙ্গে পশ্চিমের সম্পর্ককে বড় আকারে প্রভাবিত করছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় সফরের ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে পৃথক বৈঠক করবেন পুতিন। বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেশের জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরে রাশিয়ান ও ভারত সম্পর্কের বিস্তৃত এজেন্ডা নিয়ে ব্যাপক আলোচনার সুযোগের পাশাপাশি বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে। যার মাধ্যমে দ্বিপক্ষীয় রাজনৈতিক, বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং মানবিক ক্ষেত্রগুলোকে অন্তর্ভুক্ত থাকবে। এই সফরে ২৩তম ইন্দো-রুশ বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ইউক্রেন যুদ্ধের পর এটিই পুতিনের প্রথম ভারত সফর। বিশ্লেষকদের মতে, এই সফর আঞ্চলিক এবং বৈশ্বিক ভূ-রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। অল্প সময়ের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়ে মস্কো। একে একে পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয়। তা সত্ত্বেও, মস্কোর কাছ থেকে ছাড় দেওয়া মূল্যে তেল কেনা বন্ধ করেনি নয়াদিল্লি। সে কারণে চলতি বছর আগস্টে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় পণ্য আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতের বিরুদ্ধে ‘রাশিয়ার যুদ্ধের খরচ’ জোগানোর অভিযোগ তোলেন। তবে সম্প্রতি রাশিয়া থেকে তেল না কেনার ঘোষণা দিয়েছে ভারতীয় তেল আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে এই সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত