বেশ কয়েক বছর ধরেই শাকিবনির্ভর হয়ে পড়েছে দেশীয় চলচ্চিত্রশিল্প। নিত্যনতুন লুক, ভিন্নধারার গল্প, আর অভিনব অ্যাকশনের সিনেমার মাধ্যমে একচেটিয়া ব্যবসা করছে তার সিনেমা। মূলধারার সিনিয়র নির্মাতাদের পাশ কাটিয়ে শাকিব খান কাজ করছেন তরুণ মেধাবীদের সঙ্গে। পাশাপাশি নায়িকার ক্ষেত্রেও নির্বাচিত হচ্ছেন টিভি নাটকের চাহিদা সম্পন্ন নতুন মুখ এবং কলকাতার উঠতি অভিনেত্রীরা। অন্যদিকে বিয়ে বিচ্ছেদের পর পুরোপুরি বিপরীত মেরুতে অবস্থান করছেন এক সময়ের অসংখ্য ব্যবসাসফল সিনেমার জনপ্রিয় জুটি শাকিব-অপু জুটি। মূলত শাকিব খানের সঙ্গে জুটি ভাঙার পর একা হয়ে যান ‘ঢালিউড কুইন’হিসেবে খ্যাতি অর্জন করা অপু বিশ্বাস। ক্যারিয়ার ধরে রাখতে নিরব, বাপ্পী ও সাইমনদের মতো জুনিয়র নায়কের সঙ্গে কাজ করেও সুবিধা করতে পারেননি এই অভিনেত্রী ও প্রযোজক। তার সর্বশেষ অভিনীত ও প্রথম প্রযোজিত সিনেমা লালশাড়ি মুক্তি পায় ঈদুল আজহাহ উপলক্ষে ২০২৩ সালের (২৯ জুন)। এতে অপুর বিপরীতে ছিলেন সাইমন সাদিক। এরপর টানা দুই বছরেরও বেশি সময় নতুন কোনো সিনেমায় অভিনয় না করলেও মাঝেমধ্যেই বিভিন্ন অনুষ্ঠান নানা চমক নিয়ে হাজির হতে দেখা গেছে তাকে।
অপু বিশ্বাসের মতোই দুই বছরেরও বেশি সময় ধরে সিনেমা থেকে একপ্রকার দূরে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ২০২২ সালের আলোচিত ‘পরাণ’ সিনেমার পর তাকে আর সেভাবে দেখা যায়নি। যদিও পরের বছর ‘দামাল’ নামে একটি সিনেমা মুক্তি পেলেও খুব একটা সুবিধা করতে পারেননি এই লাক্সকন্যা। অপুর মতোই বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম, ফ্যাশন হাউজ উদ্বোধন বিজ্ঞাপন ও ফটোশুটের কাজে নিজেকে ব্যস্ত সময় পার করে আসছিলেন তিনি। কয়েকদিন আগে নিজের জন্মদিনে সাংবাদিকদের কাছে বড় চমক নিয়ে প্রত্যাবর্তনের আভাস দিয়েছিলেন। অল্প সময়ের ব্যবধানেই সেই বড় চমকের দেখা মিলল এবার। চিত্রনায়ক আরিফিন শুভ জুলাই আন্দোলনের পর শুরু করেছেন তার নতুন সিনেমার কাজ। অনেকটা চুপিসারেই নতুন সিনেমার শুটিং করছেন তিনি। শুরুতে রাজশাহীর পবা অঞ্চলে দৃশ্যধারণ শেষে বর্তমানে টানা কাজ চলছে নাটোরের একটি এলাকায়। শুটিংয়ের কয়েকটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর জানা গেল ছবিতে মিম কাজ করছেন শুভর বিপরীতে।
এর মাধ্যমে বিরতি ভাঙার পাশাপাশি তৃতীয়বারের মতো জুটি বাঁধলেন শুভ-মিম। সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক সাইফ চন্দন। ছবির শিরোনাম এখনও ঠিক হয়নি। বর্তমানে এই নায়িকাও শুটিং করছেন শুভর সঙ্গে। চমকের ঘোষণা দেওয়ার কথা বললেও শুভর মতোই গোপনে কাজ সারছেন নায়িকা। পরিচালক সাইফ চন্দনের কাছ থেকে জানা গেল, সব কিছু ঠিক-ঠাক থাকলে আগামী ঈদুল ফিতরেই মুক্তি পাবে শুভ-মিমের নতুন এই অ্যাকশন ড্রামা। ফলে উৎসব মৌসুমে দর্শকদের জন্য এটি হতে পারে বড় চমক। একটি সূত্র জানায়, সিনেমার জন্য প্রস্তুতিতে বিদ্যা সিনহা মিম টানা দেড় মাস মহড়া দিয়েছেন। শুধু তাই নয়, মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাকশন কোরিওগ্রাফির ওপরও প্রশিক্ষণ নিয়েছেন অভিনেত্রী।
তবে মাঝখানে ‘দিগন্তে ফুলের আগুন’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন মিম। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে নির্মিত এ সিনেমায় তিনি অভিনয় করেছেন পান্না কায়সারের চরিত্রে। এটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ঘটনার পর সিনেমাটি কবে মুক্তি পাবে বা আদৌ পাবে কিনা এ নিয়ে রয়েছে সংশয়।
এদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাসও দিয়েছেন নতুন করে সিনেমায় ফেরার খবর। তাও একটি নয়, একসঙ্গে দুই চলচ্চিত্রে কাজ করছেন তিনি। দুটিতেই তার বিপরীতে দেখা যাবে জুনিয়র অভিনেতা আদর আজাদকে। জানা গেছে, একটি সিনেমা পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। অন্যটি নামকরা একজন পরিচালক পরিচালনা করবেন। আগামী মাস থেকে একটি সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। অন্যটি, নতুন বছরের শুরুতে শুরু হওয়ার কথা রয়েছে। অপু বিশ্বাস বলেন, ‘কাজে ফেরার জন্য প্রস্তুত আমি। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। তবে কার সঙ্গে কিংবা কার কাজ দিয়ে ফিরছি এ নিয়ে আপাতত বলতে পারছি না।’
