ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হলেও আট দিনের মাথায় অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রবিবার থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। ঢাবির সব পর্যায়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। এতে বলা হয়, ‘বিভাগীয় চেয়ারম্যান এবং ইনস্টিটিউট পরিচালকরা সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে স্ব স্ব বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস অব্যাহত থাকবে।’
গত ২১ নভেম্বর শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। এতে ঢাকাসহ তিন জেলায় ১০ জন নিহত হন। আহত হন ৫০০-এর বেশি মানুষ। ভূকম্পনের দিন ঢাবির হল থেকে লাফিয়ে পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপর আরও কয়েক দফা ভূকম্পন অনুভূত হয়। ২২ নভেম্বর প্রথমে এক দিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের কথা জানায় ঢাবি কর্তৃপক্ষ। এরপর সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের বিষয়টি বিবেচনা করে ১৫ দিনের ছুটি ঘোষণা করে ঢাবি।
