পঞ্চগড় জেলায় টানা পাঁচদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস থাকায় শীত আরও বেড়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ শতাংশে।
ভোরে হালকা কুয়াশা থাকলেও ঘন কুয়াশা ছিল না। পরে সকাল গড়াতেই আকাশে ঝলমলে রোদ দেখা যায়, তবে শীতের দাপট তাতেও কমেনি।
এর আগের দিন শনিবার একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এরও আগের কয়েকদিনে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ থেকে ১৩ দশমিক ১ ডিগ্রির মধ্যে। ফলে দিনের বেলায় রোদ থাকলেও ভোর ও সকালে শীতের তীব্রতা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ে শীত ধীরে ধীরে আরও বাড়ছে। ডিসেম্বরে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।
