নীলফামারীর ডিমলা উপজেলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে চাঞ্চল্যকর ছুরিকাঘাতের ঘটনার প্রতিবাদে গতকাল রবিবার সকাল ১০টা থেকে জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। শিক্ষার্থীদের পাশাপাশি সমাবেশে অভিভাবকও অংশ নেয়। শিক্ষার্থীরা দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ ঘটনার সঙ্গে জড়িত রাব্বি হাসান নামের একজনকে গতকাল বিকেলে উপজেলার পশ্চিম ছাতনাই এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ভর্তি পরীক্ষা চলাকালে গত ২৭ নভেম্বর হঠাৎ করেই নাসিম ধারালো অস্ত্র দিয়ে আল-আলামিনের ওপর উপর্যুপরি হামলা চালান। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন। পরে সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়।
