বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে দলের ঘোষিত পক্ষকালব্যাপী ‘বিজয় মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। গতকাল রবিবার দুপুরে নয়াপল্টনে দলের এক জরুরি সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথা জানান।
তিনি বলেন, ‘আপনারা জানেন আমাদের একটি পক্ষকালব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছিল বিজয়ের মাসে। এটার শিরোনাম ছিল বিজয়ের মাসে বিজয়ের মশাল রোড শো। ১ ডিসেম্বর থেকে শুরু করে ১৬ ডিসেম্বর পক্ষকালব্যাপী এই কর্মসূচিটি পালিত হওয়ার কথা ছিল। বেগম খালেদা জিয়া আজ এভারকেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় রয়েছেন। তার এই গুরুতর অসুস্থ অবস্থায় আমরা এই কর্মসূচিটি স্থগিত রাখছি।’
রিজভী বলেন, ‘আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি, প্রতিনিয়ত প্রতি মুহূর্ত, এ দেশের শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, বিএনপির কোনো সংগঠন, অঙ্গসংগঠন, সহযোগী সংগঠনগুলোই নয়, এদেশের অন্যান্য রাজনৈতিক দল, সংগঠন বা সমর্থক তারাও যতটুকু শুনেছি দোয়া করছে।’
গত শনিবার বিজয় দিবস উপলক্ষে সারা দেশে ‘বিজয় মশাল রোড শো’র পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামের কালুরঘাট থেকে ১ ডিসেম্বর এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। বিভিন্ন জেলা ও বিভাগ ঘুরে ১৬ ডিসেম্বর ঢাকায় মানিক মিয়া এভিনিউতে মহাসমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে বলে জানানো হয়েছিল। একদিন না যেতেই এই কর্মসূচি স্থগিত করল বিএনপি।
