বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে পাঁচ সদস্যের একটি চীনা মেডিকেল টিম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। মূল চিকিৎসক দল আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসবে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালে চীনের এই প্রাথমিক মেডিকেল দলটি পৌঁছান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. আল মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মূল ও বৃহত্তর চিকিৎসক দল মঙ্গলবার ঢাকায় আসবে।
এদিকে, গঠিত মেডিকেল বোর্ডের মূল্যায়ন অনুযায়ী, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় অতিরিক্ত ও বিশেষজ্ঞ মতামত প্রয়োজন। এ লক্ষ্যেই বিদেশি চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে, সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের চেয়ারপারসনের চিকিৎসা চলছে। তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত অসুস্থ’ বলে উল্লেখ করে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গত চার দিন ধরে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
