ভারতীয় হাইকমিশনে ‘আইটেক ডে ২০২৫’ উদযাপন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

ঢাকায় ভারতীয় হাইকমিশনে বর্ণিল আয়োজনে পালিত হলো ‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন ডে’ বা আইটেক ডে ২০২৫। 

সোমবার (১ ডিসেম্বর) হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে প্রায় ১৫০ জন আইটেক অ্যালামনি অংশ নেন। 

অনুষ্ঠানটির আয়োজন করে ভারতীয় হাইকমিশন ও আইটেক অ্যালামনি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএএবি)।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

তিনি বলেন, আইটেক ভারতের ‘সাউথ-সাউথ কো-অপারেশন’-এর প্রতি প্রতিশ্রুতির প্রতীক। 

অংশীদার দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি পরিচালনা করছে ভারত। 

তিনি আরও জানান, এ পর্যন্ত বাংলাদেশ থেকে ৫ হাজারেরও বেশি পেশাজীবী আইটেকের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

হাইকমিশনার প্রণয় ভার্মা আইটেক অ্যালামনিদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা দুই দেশের বন্ধুত্ব, সহযোগিতা ও জ্ঞান-বিনিময়ের সেতুবন্ধ হিসেবে কাজ করছেন। একই সঙ্গে তিনি আইটেক অ্যালামনি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (আইএএবি) অ্যালামনিদের একত্রিত করতে তাদের ভূমিকার জন্য প্রশংসা করেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া অ্যালামনিরা নিজ নিজ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর), বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন (বিএইসি), স্পারসো এবং বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আইটেক ডে উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে বাংলাদেশের শিল্পীরা ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনের প্রতিফলন তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত