বঙ্গোপসাগরে ফের ভূমিকম্পের কম্পন অনুভূত

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম

৯৬ ঘণ্টার ব্যবধানে বঙ্গোপসাগর অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, সোমবার (১ ডিসেম্বর) ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৩২ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৪.২ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। 

কম্পনের গভীরতা ছিল প্রায় ৫৭ কিলোমিটার। ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ভারতের নবরংগপুর শহর থেকে দক্ষিণ–দক্ষিণ-পূর্বে এবং বিশাখাপত্তনমের দক্ষিণ–পূর্বে অবস্থান করছিল।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) বলেছে, কম্পনের কেন্দ্র ছিল ত্রিপুরার বেলোনিয়া শহরের দক্ষিণে, মিজোরামের থেনজল ও সেরছিপ শহরের দক্ষিণ–দক্ষিণ-পশ্চিমে এবং পশ্চিমবঙ্গের হলদিয়ার পূর্ব–দক্ষিণ–পূর্বাঞ্চলে বিস্তৃত। এনসিএসের পরিমাপ অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ৪.০।

এর আগে গত শনিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে বঙ্গোপসাগরে ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। 

তার আগে, ২১ নভেম্বর সকাল ১০টা ৩৯ মিনিটে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ২৬ সেকেন্ডের জন্য একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৭। এতে সারাদেশে ভবনের অংশ ধসে অন্তত ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষ আহত হন। পরদিন আরও তিন দফা কম্পন অনুভূত হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত