জোটভুক্ত হলেও দলীয় প্রতীকে ভোটের বৈধতা প্রশ্নে রুল

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ এএম

জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্ত হলেও নিজ নিজ দলের প্রতীকে ভোট করতে হবে গণপ্রতিনিধিত্ব (আরপিও) অধ্যাদেশের এমন বিধানের বৈধতা প্রশ্নে রুল দিয়েছে উচ্চ আদালত। এ-সংক্রান্তে রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল দেয়। আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)সহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন এ রিট আবেদনটি করেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামাল হোসেন মিয়াজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব। রাষ্ট্রপক্ষের আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, ১০ দিনের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।

সংসদ নির্বাচনে জোট গঠন করা হলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা বাধ্যতামূলক করে গত ৩ নভেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে অধ্যাদেশ জারি করে সরকার। তবে এ বিধানটি নিয়ে আপত্তি তোলে বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল। অন্যদিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি দল সংশোধিত বিধানটির পক্ষে অবস্থান নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত