বাউল সংগীত শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ এএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বাউল সংগীত শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম সুমন খলিফা গতকাল সোমবার সকালে মধ্য নরসিংপুর এলাকায় হারুনের পরিত্যক্ত বাড়ির পাশে রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুমন খলিফা বরিশাল জেলার আগৈলজোড়া থানার আন্দার মানিক কোন্দলদোয়া মন্টু খলিফার ছেলে। তার স্ত্রী বাউল সংগীত শিল্পী সোনিয়া আক্তার।

সোনিয়া জানান, রবিবার রাতে তাকে বাউল ক্লাবে দিয়ে চলে যায় সুমন। ভোরে ইজিবাইকে বাসায় ফেরার পথে অক্টোঅফিস নামক এলাকায় ছিনতাইকারীরা পথরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও স্বর্নালংকার ছিনিয়ে নেয়। তারপর বাসায় গিয়ে স্বামীকে না পেয়ে ছিনতাইয়ের বিষয় অভিযোগ করতে ফতুল্লা থানায় আসেন। এখানে এসে জানতে পারেন তার স্বামী খুন হয়েছে।

বাউল শিল্পী সোহেল সরকার জানান, গত রবিবার ছিল বাংলাদেশ বাউল শিল্পী ফাউন্ডেশনের বর্ষপূর্তি। এ উপলক্ষে আমাদের পঞ্চবটি বাউল ক্লাবে এদিন রাতে দোয়া মাহফিল শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়। আমাদের আমন্ত্রণে সোনিয়া ও তার স্বামী সুমন দোয়া মাহফিলে অংশ নেয়। এরপর উপস্থিত অনেক শিল্পী একটা করে গান গায়। এ সময় সোনিয়াও একটি গান গেয়ে চলে যায়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে মারাত্মক ক্ষোভ থেকে সুমনকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। সুমনের মাথার তালুতে পেটে পিঠে ও হাতে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে সুমন খলিফা তার পূর্বের স্ত্রীকে তালাক দিয়ে দেড় বছর পূর্বে সোনিয়া সরকারকে বিয়ে করেন। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানায়, হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত